৩০ জুলাই ২০১৬ - ১৪:৪৬
ফ্রান্সে মসজিদ নির্মাণে নতুন নির্দেশনা

চলমান জঙ্গি ইস্যুতে ইউরোপ জুড়ে মুসলমানদের ধর্মকর্মের ক্ষেত্র ক্রমেই সংকোচিত হয়ে আসছে।

আবনা ডেস্ক: চলমান জঙ্গি ইস্যুতে ইউরোপ জুড়ে মুসলমানদের ধর্মকর্মের ক্ষেত্র ক্রমেই সংকোচিত হয়ে আসছে। বিশেষ করে প্যারিস হামলা এবং জার্মানিতে পরপর কয়েকটি সন্ত্রাসী মামলার পর নেতিবাচক প্রভাব পড়েছে। মুসলিমদের সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। মুসলিম দেশ থেকে লোকজনের ইউরোপ সফরেও কড়াকড়ি আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো।
এরই মধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস শুক্রবার বলেছেন, তিনি মসজিদ ভবন নির্মাণের জন্য বিদেশী অর্থায়নের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারির পক্ষে।
সম্প্রতি ফ্রান্সে উপর্যুপরি হামলার প্রেক্ষিতে দৈনিক লা মঁদেকে দেয়া এক সাক্ষতকারে তিনি একথা বলেন।
ম্যানুয়েল সাক্ষাতকারে আরো বলেন, এটা সরকারের ব্যর্থতা যে এ সপ্তাহের গোড়ার দিকে চার্চে হামলাকারী একজনকে অন্য একটি মামলায় মুক্তি দেওয়া হয়। বিচারাধীন ওই হামলাকারীর হাতে একটি ইলেক্ট্রনিক ট্যাগ ছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ফ্রান্সে মাত্র ১৮ মাসের মধ্যে তিনটি বড় ধরনের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ভালস ও স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনেউবে তীব্র সমালোচনার শিকার হন।
চার্চে হামলাকারী আদিল কার্মেচের (১৯) বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ ছিল। আদিল এই অভিযোগে একটি মামলায় বিচারাধীন ছিল।
ভালস বলেন, যেহেতু লোকটি চার্চের ভেতরে এক যাজককে হত্যা করেছে এবং এই ঘটনায় ধর্মনিরপেক্ষ ফ্রান্সে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই ইসলামের সঙ্গে ফ্রান্সের ‘নুতন করে একটি সম্পর্ক’ গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি ‘অন্য কোথাও নয়, ফ্রান্সেই প্রশিক্ষণ নেয়ার জন্য’ ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন।